নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মো. রাশেদ আক্তার সভাপতি এবং রশিদ-উন-নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনগত গভীর রাতে ভোট গণনা শেষ হওয়ার পর আজ (শনিবার) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
এবারের নির্বাচনে দু’টি প্রধান প্যানেল— ‘ব্যাংকার্স ঐক্য পরিষদ’ ও ‘সর্বজনীন ব্যাংকার্স পরিষদ’ থেকে মোট ৪৬ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ‘ব্যাংকার্স ঐক্য পরিষদ’ নিরঙ্কুশ জয়লাভ করেছে। তারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে জয়ী হয়েছে। অন্যদিকে, ‘সর্বজনীন ব্যাংকার্স পরিষদ’ প্যানেল থেকে সমাজকল্যাণ সম্পাদক এবং তিনটি কার্যনির্বাহী সদস্য পদসহ মোট ৪টি পদে জয়ী হয়েছেন প্রার্থীরা।
নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সুবীর কুমার কুণ্ডু, সহ-সভাপতি মো. মোফাজ্জল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিন মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ।
এছাড়াও অন্যান্য পদে বিজয়ীরা হলেন— মো. মহিদুল হাসান রানা (ক্রীড়া), হাসিনা ফেরদৌস (সমাজকল্যাণ) এবং কাজী আজিজুর রহমান (সংস্কৃতি)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১০ জনের মধ্যে রয়েছেন মোহাম্মদ লুৎফুল হাবিব, শারমিন আক্তার এবং আজমেরী সুলতানা প্রমুখ।
নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদে দায়িত্ব পালন করবে। নির্বাচনের পর এক বিবৃতিতে নবনির্বাচিত কমিটি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা ক্লাবের সামগ্রিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।