মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মহেশখালীকে জ্বালানি ও লজিস্টিকস হাবে রূপান্তরে ৫ বছরের রোডম্যাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের জ্বালানি ও লজিস্টিকস খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে মহেশখালীকে গড়ে তুলতে পাঁচ বছরের কৌশলগত রোডম্যাপ প্রকাশ করেছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মিডার প্রথম গভর্নিং বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ২০২৫ থেকে ২০৩০ সময়কালের জন্য একটি ‘স্বল্পমেয়াদি ভূমি বরাদ্দ পরিকল্পনা’ অনুমোদন দিয়েছে বোর্ড।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে মিডার তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যার মূল গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায়।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, মহেশখালীর গভীর সমুদ্রবন্দরকে কার্যকরভাবে পরিচালনায় আনা হবে এই রোডম্যাপের অন্যতম প্রধান লক্ষ্য।

একই সঙ্গে দ্রুত এলএনজি ও এলপিজি টার্মিনাল স্থাপনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, বর্তমান সময়ে জ্বালানি সংকট একটি বড় সমস্যা এবং এই সংকট মোকাবিলায় এসব টার্মিনাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো।

মাস্টারপ্ল্যান প্রণয়নের ক্ষেত্রে মহেশখালীর প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে বলেও জানান মিডার নির্বাহী চেয়ারম্যান।

তিনি বলেন, অঞ্চলটির অর্থনৈতিক কার্যক্রমকে বহুমুখী করতে বোর্ড মহেশখালী এলাকায় একটি বিশেষায়িত মাছ প্রক্রিয়াজাতকরণ হাব স্থাপনের পরিকল্পনাও অনুমোদন দিয়েছে।

গত আগস্ট থেকে কার্যক্রম শুরু করা মিডা এখন জনবল কাঠামো সুসংহত করার দিকে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, গভর্নিং বোর্ড ১৩৭ জনবল নিয়ে একটি সাংগঠনিক কাঠামোর অনুমোদন দিয়েছে, যা এই মেগা প্রকল্পগুলোর উন্নয়ন কার্যক্রম তদারকিতে কাজ করবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।