মঙ্গলবার ২ জুন, ২০২৬
সর্বশেষ:
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে নজিরবিহীন সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক মে মাসে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশের বিশাল প্রবৃদ্ধি; চলতি অর্থবছরে এসেছে ৩২.৭৫ বিলিয়ন ডলার রাস্তায় আন্দোলন করে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো যাবে না: বাংলাদেশ ব্যাংক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত আইএমএফের সঙ্গে নতুন ৪০০-৪৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, বাতিল হচ্ছে চলমান তহবিল আগামী ২০২৬-২৭: বৈশ্বিক অস্থিরতা ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার পরামর্শ ৩১ ডিসেম্বরের মধ্যে মুনাফাসহ পূর্ণ টাকা ফেরত চান ৬ এনবিএফআইয়ের আমানতকারীরা; শুধু মূলধন ফেরতের প্রস্তাব প্রত্যাখ্যান অর্থনীতিতে গতি আনতে ও ২৫ লাখ কর্মসংস্থানের টার্গেটে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা আস্থা হারানো ইসলামী ব্যাংকের পুনরুদ্ধারের লড়াই এবং ওমর ফারুক খানের নেতৃত্বের গল্প

রাস্তায় আন্দোলন করে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো যাবে না: বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১ জুন, বিডিইকোনমি, — প্রবল বিক্ষোভ ও পদত্যাগের দাবির মুখেও বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র সদ্যনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (১ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

আজ সকালে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল বিক্ষোভকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পরিস্থিতি সহিংস রূপ নেয়।

এই বিক্ষোভ ও সংঘর্ষের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এই আন্দোলনের সঙ্গে রেগুলেটরি বা নীতিগত নিয়োগের কোনো সম্পর্ক নেই।

ইউএনবি-কে তিনি বলেন, “এই আন্দোলনের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার কোনো যোগসূত্র নেই। আজ একটি গ্রুপ আন্দোলন করল দেখে বাংলাদেশ ব্যাংক যদি সিদ্ধান্ত পরিবর্তন করে, আর কাল যদি আরেকটি পাল্টা গ্রুপ এসে সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন শুরু করে, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করবে? বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব স্বাধীন আইন ও নিয়মতান্ত্রিক গতিতেই চলবে। রাস্তায় আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।”

এর আগে গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

ঐ একই দিন দুপুরে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমানের আকস্মিক পদত্যাগের পর খুরশীদ আলমকে এই দায়িত্ব দেওয়া হয়। জুবায়দুর রহমান নিজেকে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহক পরিচয় দেওয়া একদল লোকের তীব্র চাপ ও আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একই সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককেও (এমডি) বাধ্যতামূলক দীর্ঘমেয়াদি ছুটিতে পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা: এদিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে সাধারণ আমানতকারীরা তাদের যৌক্তিক দাবিতে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ কোনো উসকানি ছাড়াই তাদের ওপর নির্মম লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

পুলিশি হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গোলাম পরওয়ার আন্দোলনরত গ্রাহকদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং তাদের উত্থাপিত দাবিগুলোকে অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সঙ্গত বলে উল্লেখ করেন।