ঢাকা, ১১ আগস্ট (বিডিইকোনমি)- খাদ্য পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসায় গত জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিবিএস) হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। এর আগের মাস জুনে মূল্যস্ফীতি ছিল ৯.১৬ শতাংশ।
বিবিএসের তথ্যানুযায়ী, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.১৬ শতাংশে, যা জুনে ছিল ৮.৬০ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও সামান্য কমে ৯.২৮ শতাংশে নেমেছে, যা জুন মাসে ছিল ৯.৬১ শতাংশ।
এর আগে ২০২৬ সালের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৪২ শতাংশ। সে হিসাবে গত দুই মাস ধরে সামগ্রিক মূল্যস্তরের ওপর চাপ ধারাবাহিকভাবে কমার প্রবণতা দেখা যাচ্ছে।
তবে পয়েন্ট-টু-পয়েন্ট বা বার্ষিক ভিত্তিতে মূল্যস্ফীতি কমলেও মাসভিত্তিক (মাস-অন-মাস) হিসাবে জুলাইয়ে সাধারণ মূল্যসূচক ১.৪৪ শতাংশ বেড়েছে, যেখানে জুনে এই বৃদ্ধির হার ছিল ০.৩৪ শতাংশ। জুলাই মাসে খাদ্য পণ্যের মূল্য বেড়েছে ২.৫৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যের মূল্য বেড়েছে ০.৫৩ শতাংশ।
গ্রাম ও শহরের মূল্যস্ফীতি চিত্র জুলাইয়ে শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশে। এর মধ্যে গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৭.১৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৫৩ শতাংশ।
অন্যদিকে শহর এলাকায় সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.২৪ শতাংশ। শহরের খাদ্য মূল্যস্ফীতি ৭.২১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮.৯০ শতাংশ।
১২ মাসের গড় ও মজুরি সূচক ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি কমে দাঁড়ায় ৮.৬৬ শতাংশে, যা এর আগের একই সময়ে ছিল ৯.৭৭ শতাংশ।
এদিকে জুলাই মাসে মজুরি হার সূচক (Wage Rate Index) পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ৮.২২ শতাংশ বেড়েছে, যা জুনে ছিল ৮.১৮ শতাংশ। খাতভিত্তিক হিসেবে কৃষি খাতে মজুরি বৃদ্ধি পেয়েছে ৮.২৪ শতাংশ, শিল্প খাতে ৮.১৫ শতাংশ এবং সেবা খাতে মজুরি বেড়েছে ৮.৩৯ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিবিএস) ২০২১-২২ অর্থবছরকে ভিত্তি বছর ধরে মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে আসছে।