বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত: মধ্যপ্রাচ্যজুড়ে মহাযুদ্ধের দামামা, বিশ্ব অর্থনীতিতে ধস জ্বালানি সংকটের শঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ সরকারের সাদিক আহমেদের পদত্যাগ: নীতি সুদহার কমানোর গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল বাংলাদেশ ব্যাংক বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান; ৪,১৭০ জনের কর্মসংস্থান<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> ইরানে হামলায় এআই প্রযুক্তির ব্যবহার: যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw> রপ্তানি সংকটের মুখে পোশাক শ্রমিকদের বেতন দিতে বিশেষ ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর রপ্তানি খাতে ২৫০০ কোটি টাকা ছাড়: সরকারকে বিজিএমইএ’র ধন্যবাদ ডিসেম্বরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা

জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের গুঞ্জন; ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হচ্ছে’ দাবি আবদুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। কাদেরের মতে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবারই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আবদুল কাদেরের ফেসবুক পোস্ট ও অভিযোগ

আবদুল কাদের তাঁর পোস্টে এনসিপির এই সম্ভাব্য সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন,

“তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের, নেতা–কর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে।”

কাদের আরও দাবি করেন, জামায়াতের কাছে এনসিপি ৫০টি আসন দাবি করলেও শেষ পর্যন্ত ৩০টি আসনে রফা হয়েছে। এই সমঝোতা অনুযায়ী, এনসিপি ওই ৩০টি আসন ছাড়া বাকি ২৭০টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। এমনকি নির্বাচনে জিতলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা হতে পারেন—এমন আলোচনাও চলছে বলে তিনি জানান।

এনসিপি ও জামায়াতের নীরবতা

আবদুল কাদেরের এই দাবির বিষয়ে কথা বলতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি। একইভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দলের ভেতর অস্থিরতা ও প্রেক্ষাপট

কৌতূহলোদ্দীপক বিষয় হলো, আজই দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক ‘এনসিপি ভুল পথে আছে’ দাবি করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁর দল ছাড়ার দিনেই জামায়াতের সঙ্গে জোট বাঁধার এই খবর সামনে এলো।

উল্লেখ্য, এনসিপি মূলত জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের মাধ্যমেই গঠিত হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও শীর্ষ নেতারা আবদুল কাদেরের সহযোদ্ধা ছিলেন। এমনকি গত ডাকসু নির্বাচনে এনসিপি-সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়েছিলেন কাদের। তবে অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার এনসিপিতে যোগ না দিয়ে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

নির্বাচনের প্রস্তুতি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারিত রয়েছে। এনসিপি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে এবং ইতোমধ্যে শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। বর্তমানে তারা এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করে মাঠে রয়েছে। তবে জামায়াতের সঙ্গে নতুন করে আসন সমঝোতার খবর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।