বুধবার ১৮ মার্চ, ২০২৬
সর্বশেষ:
সরকারি নির্দেশনা সত্ত্বেও অর্ধেক কারখানায় মেলেনি ঈদ বোনাস কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের হয়ে কাজ করবে না ইসলামী ব্যাংক রপ্তানি বাড়াতে শিপিং ডকুমেন্ট পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অস্বাভাবিক, সাধারণ মানুষের নাভিশ্বাস: ক্যাব মার্চের প্রথম ১৪ দিনেই এলো ২২০ কোটি ডলার রেমিট্যান্স<gwmw style="display:none;"></gwmw> ক্রেডিট কার্ডে ঋণের সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা করল বাংলাদেশ ব্যাংক পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিদেশি গ্যারান্টিতে ঋণ নিতে লাগবে না বাংলাদেশ ব্যাংকের অনুমতি

বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা ‘নীতিগত দুর্বলতা ও প্রায়োগিক অরাজকতা’র শিকার: টিআইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :বাংলাদেশে ই-বর্জ্য (ইলেক্ট্রনিক বর্জ্য) ব্যবস্থাপনা বর্তমানে চরম নীতিনির্ধারণী স্থবিরতা ও সুশাসনের ঘাটতিতে জর্জরিত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, দেশে উৎপন্ন ই-বর্জ্যের ৯৭ শতাংশই কোনো প্রশাসনিক তদারকি ছাড়াই অপ্রাতিষ্ঠানিক খাতে ঝুঁকিপূর্ণভাবে প্রক্রিয়াজাত হচ্ছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ধানমণ্ডিস্থ টিআইবি কার্যালয়ে “বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

গবেষণার মূল চিত্র:

  • অপ্রাতিষ্ঠানিক খাতের আধিপত্য: দেশে উৎপাদিত ই-বর্জ্যের মাত্র ৩ শতাংশ প্রাতিষ্ঠানিক পুনঃপ্রক্রিয়ার আওতায় আসছে, বাকি ৯৭ শতাংশই পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে প্রক্রিয়াজাত হচ্ছে।
  • অবৈধ আমদানি-রপ্তানি: আমদানি নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত তিন বছরে প্রায় ১৫ হাজার টন বিষাক্ত ই-বর্জ্য দেশে ঢুকেছে। অন্যদিকে, বাসেল কনভেনশন লঙ্ঘন করে নিয়মবহির্ভূতভাবে বিদেশে ই-বর্জ্য উপাদান রপ্তানি করা হচ্ছে।
  • ইভিএম ও সোলার প্যানেল ঝুঁকি: বিগত সরকারের আমলে কেনা ইভিএম মেশিনের সঠিক ব্যবস্থাপনা না হওয়া এবং সোলার প্যানেল থেকে ২০৬০ সালের মধ্যে প্রায় ৫৫ লাখ টন ই-বর্জ্য তৈরির আশঙ্কা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
  • ভোক্তার অসচেতনতা: দেশের ৮৮ শতাংশ ভোক্তা ই-বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানেন না এবং ৭২ শতাংশ ব্যবহারকারী অচল সরঞ্জাম বাড়িতেই অনিরাপদ অবস্থায় ফেলে রাখছেন।

টিআইবির বক্তব্য:

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “আমদানি নিষিদ্ধ হলেও হাজার হাজার টন বিষাক্ত ই-বর্জ্য দেশে ঢুকছে, যা পরিবেশ অধিদপ্তরসহ তদারকি সংস্থাগুলোর পেশাগত ব্যর্থতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। ই-বর্জ্য ব্যবস্থাপনার আইনি কাঠামোটি বর্তমানে কেবল কাগুজে দলিলে সীমাবদ্ধ।” তিনি আরও জানান, নিবন্ধন ও ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন ও দুর্নীতির চিত্র উঠে এসেছে যা অত্যন্ত উদ্বেগজনক।

উত্তরণে টিআইবির ১২ দফা সুপারিশ:

বিদ্যমান অরাজকতা নিরসনে টিআইবি ১২ দফা সুপারিশ পেশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এবং বাসেল কনভেনশনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

২. পরিবেশগত ছাড়পত্র ও নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করে দুর্নীতি বন্ধ করা।

৩. পরিবেশ অধিদপ্তর ও বিটিআরসির মধ্যে সমন্বিত ‘ওয়ান-স্টপ’ সেবা চালু করা।

৪. অপ্রাতিষ্ঠানিক খাতের ভাঙ্গারিওয়ালাদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে কাঠামোর আওতায় আনা।

৫. সোলার প্যানেল ও বৈদ্যুতিক যানবাহনের বর্জ্য মোকাবিলায় দীর্ঘমেয়াদী ‘ই-বর্জ্য রোডম্যাপ’ প্রণয়ন করা।

সংবাদ সম্মেলনে টিআইবি সতর্ক করে দেয় যে, যথাযথ পদক্ষেপ না নিলে এই বিষাক্ত বর্জ্য জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অপ্রতিরোধ্য বিপর্যয় ডেকে আনবে।